বুড়িমারী সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, সতর্ক বিজিবি ও এলাকাবাসী
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

বুড়িমারী সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৪, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে পুশইনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে এ চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকায় ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা সার্চলাইট বন্ধ করে অন্ধকারে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত একত্রিত হয়ে সীমান্তে জড়ো হন। এ সময় সীমান্তের ওপারে টর্চলাইট জ্বালানোর চেষ্টা ও লোকজনের দৌড়াদৌড়ি দেখা যায়। স্থানীয়দের সম্মিলিত প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা পুনরায় সার্চলাইট জ্বালাতে বাধ্য হন বলে দাবি করেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন, বোরহান উদ্দিন ও মনছুর আলীসহ কয়েকজন অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাভাষী মুসলিমদের ‘অবৈধ’ আখ্যা দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। এ নিয়ে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

তারা জানান, সীমান্তে এ ধরনের তৎপরতা প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক রয়েছেন।

এদিকে সীমান্ত নিরাপত্তা জোরদারে লালমনিরহাটের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দিন-রাত টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সূত্র জানায়, সীমান্তে দায়িত্বরত সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে এবং দেশের সীমান্তের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।