জনবার্তা ডেস্ক
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় চলমান আন্দোলনের মধ্যে তিন শ্রমিক নেতাকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার (৩ নভেম্বর) তাঁদের আটক করা হয়। আজ বুধবার তাঁদের আশুলিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মো. হালিম, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামীম এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী।
গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হালিমকে আশুলিয়ার বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে এবং শামীম ও মনসুর আলীকে জিরাবো এলাকা থেকে আটক করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়া এবং বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সরাসরি সহায়তার বিষয়ে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়ার পর তাঁদের আটক করা হয়েছে।
এদিকে শ্রমিক নেতাদের আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন। তিনি তাঁদের মুক্তির দাবি জানিয়ে বলেন, গ্রেপ্তার, হামলা বা মামলার মতো পদক্ষেপ কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়। বরং এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে।
পরিস্থিতি মোকাবিলায় শক্তি প্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেছে নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।



