জনবার্তা ডেস্ক
গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট নিরাপত্তাঝুঁকির কারণে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। ফলে বরিশালে দুই ছাত্রদল ও জাসাস নেতা নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ ও জেরা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আসামিদের অনুপস্থিতির কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ মামলাটির কোনো শুনানি গ্রহণ করেননি। আগামী ১১ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
২০১৫ সালে বরিশালে ওই দুই নেতুর ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় মোট চারজন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের তৎকালীন পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ পলাতক রয়েছেন।
অন্যদিকে, উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহম্মদ জানান, আজ মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করার দিন নির্ধারিত ছিল। কিন্তু গাজীপুরে অস্থিরতার কারণে নিরাপত্তাজনিত বিবেচনায় কারা কর্তৃপক্ষ বন্দি আসামিদের ট্রাইব্যুনালে পাঠাতে পারেনি।
তিনি বলেন, আসামির অনুপস্থিতিতে তাঁদের জেরা করার সুযোগ নেই। এ কারণে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।



