মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে এক সাবেক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার নূর আলম শেখ (৩২) গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। সোমবার সকালে মুন্সিগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নূর আলম প্রায় দুই বছর ধরে টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই এলাকায় একটি শিশুকে ধর্মীয় শিক্ষা দেওয়ার সুবাদে শিশুটির মায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে মসজিদ পরিচালনা কমিটি তাঁকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং এলাকা ছাড়তে বলে। তবে এলাকা ছেড়ে যাওয়ার পরও ওই গৃহবধূকে বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে পাশের শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে নূর আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কামরান হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



