যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আবাসিক এলাকায় একটি ব্যবসায়িক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটির সব আরোহীই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। এটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বাহামাসের নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল।
দুর্ঘটনাস্থলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে ট্রাম্প ওই এলাকার বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ানে করে রওনা হয়েছিলেন।
দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, উড়োজাহাজটি দ্রুত নিচে নেমে এসে সড়কের কাছের আবাসিক এলাকায় আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুনের গোলা তৈরি হয়। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ভিডিওটির বর্ণনা দিতে গিয়ে বলেন, দৃশ্যটি ছিল ভয়াবহ। তাঁর ভাষায়, উড়োজাহাজটিকে আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের মতো নেমে আসতে দেখা গেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় মাটিতে থাকা কেউ আহত বা নিহত হয়েছেন—এমন তথ্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের কাছের একটি আবাসিক এলাকার প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।
পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মিলিটারি ট্রেইল নামের ব্যস্ত সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে। উড়োজাহাজটি আছড়ে পড়ার পর সড়কে বড় গর্ত তৈরি হয় এবং আশপাশে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। উদ্ধার ও তদন্ত কার্যক্রমের জন্য সড়কটির সংশ্লিষ্ট অংশ বন্ধ রাখা হয়।
দুর্ঘটনার সময় এলাকায় বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আবহাওয়ার সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এফএএ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এনটিএসবি তদন্তের নেতৃত্ব দেবে। উড়োজাহাজটির আরোহীদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।



