আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

তুরস্ক সফরে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২, ২০২৬ ৬:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

তুরস্ক সফরে ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে নামাজ আদায়ের ইচ্ছা প্রকাশ করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। আগামী মাসে তুরস্ক সফরে গিয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেওয়ার পাশাপাশি লন্ডনে বিনিয়োগ আকর্ষণেও কাজ করবেন তিনি।

গত ২৯ অক্টোবর লন্ডনে তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক কমিউনিটি অনুষ্ঠানে নিজের সফর পরিকল্পনার কথা জানান সাদিক খান। লন্ডনের মেয়র হিসেবে তিনিই প্রথম তুরস্ক সফর করতে যাচ্ছেন বলে মেয়রের কার্যালয় জানিয়েছে।

সফরের প্রথম পর্বে আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন সাদিক খান। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় বড় শহরগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করবেন তিনি। এরপর ইস্তাম্বুলে গিয়ে লন্ডনের সঙ্গে তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং নতুন বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

সফর নিয়ে নিজের আগ্রহের কথা জানাতে গিয়ে সাদিক খান ইস্তাম্বুলের ঐতিহাসিক গ্র্যান্ড বাজার ঘুরে দেখার প্রত্যাশার কথাও বলেছেন। পাশাপাশি আয়া সোফিয়া মসজিদে নামাজ আদায়ের ইচ্ছা প্রকাশ করেছেন বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

তুরস্কের সঙ্গে লন্ডনের দীর্ঘদিনের সামাজিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। মেয়রের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২৮ বিলিয়ন পাউন্ড। এই সফরের মাধ্যমে দুই শহরের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করছেন সাদিক খান।