রাউজানে ৮ পিস্তল দেখিয়ে যুবকের হুমকি, ভিডিও ভাইরাল
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

‘টাকা দিয়ে মরণের টিকিট আনছি’, ৮ পিস্তল দেখিয়ে যুবকের হুমকি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৪, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাউজানে আটটি বিদেশি পিস্তল প্রদর্শন করে এক যুবকের হুমকি দেওয়ার ২১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে কাপড়ের ওপর সারিবদ্ধভাবে কয়েকটি আগ্নেয়াস্ত্র সাজানো অবস্থায় দেখা যায়। অস্ত্রগুলো অবৈধ এবং বিভিন্ন থানা থেকে লুট হওয়া বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হলেও এ তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী যুবকের নাম হৃদয়। তিনি রাউজানের নোয়াপাড়া এলাকার বাসিন্দা এবং ‘হৃদয় বুলেট’ নামে পরিচিত। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার রাতে ‘মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রথম প্রকাশ করা হয় বলে জানা গেছে।

ভিডিওতে ওই যুবককে বলতে শোনা যায়, “খেলা দেখছ কোথায়? ভালো হয়ে যা, চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি।” তবে বক্তব্যটি কাকে উদ্দেশ করে দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।

স্থানীয়দের অভিযোগ, ওই যুবকের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই এবং অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে জিম্মি করার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওসি সাইফুল ইসলাম জানান, হৃদয়কে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে তিনি কারাগার থেকে মুক্তি পান।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। এর সত্যতা ও উৎস যাচাই করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত দুই বছরে রাউজানে একাধিক সহিংসতা, প্রকাশ্যে গুলিবর্ষণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটেছে। অস্ত্রধারীদের তৎপরতা, পাহাড়ি এলাকায় আশ্রয় নেওয়া এবং চাঁদাবাজির অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ বিরাজ করছে।