জনবার্তা ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় যদি অক্সফোর্ড হিসেবে পরিচিতি পায়, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ক্যামব্রিজের সমকক্ষ করে গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও সামগ্রিক পরিবেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শুধু একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দেখলে চলবে না। এটিকে প্রাণবন্ত, সবুজ ও গবেষণাবান্ধব শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে।
নিজের সাবেক ক্যাম্পাসের স্মৃতিচারণ করে তিনি বলেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টদের মাঝে ফিরে এসে নিজের ঘরে ফেরার মতো অনুভূতি হচ্ছে। ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও প্রাঙ্গণের স্মৃতি তাঁর মনে এখনো অমলিন। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যে আবেগের সম্পর্ক রয়েছে, তা উন্নয়নের কাজে লাগানো সম্ভব।
যুক্তরাষ্ট্রে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে রিজভী বলেন, আন্তর্জাতিক অঙ্গনেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সাফল্য উল্লেখযোগ্য। বিদেশে কোনো সহপাঠী বা সাবেক শিক্ষার্থীর সঙ্গে দেখা হলে আন্তরিকতার যে প্রকাশ ঘটে, তা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের মধ্যে গভীর বন্ধনের পরিচয় দেয়। তাঁদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
অতীতের ছাত্ররাজনীতির পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, তখন সংঘাত ও মতপার্থক্য থাকলেও পারস্পরিক সহাবস্থান ও উদারতার চর্চা ছিল। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে স্নেহ ও সামাজিক সম্পর্ক বজায় থাকত।
এ সময় ঐতিহ্যবাহী বরেন্দ্র জাদুঘরের আন্তর্জাতিক সুনামের কথাও স্মরণ করেন রিজভী। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচিতি আরও উজ্জ্বল করা সম্ভব।



