ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তাঁরা। পরে সফিপুর, রতনপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার থেকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈর এলাকায় শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও কাজ করছেন।
তিনি আরও জানান, আপাতত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পরিস্থিতির প্রয়োজনে সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে।



