পাসপোর্ট সেবায় দুর্নীতি বন্ধে কর্মপরিকল্পনা দাবি এনসিপির
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

পাসপোর্ট সেবায় দুর্নীতি বন্ধে সরকারের কর্মপরিকল্পনা দাবি এনসিপির

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১০, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

জনবার্তা ডেস্ক

পাসপোর্ট সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের হয়রানি, কাগজপত্রের জটিলতা ও দালালনির্ভরতা বন্ধে সরকারের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পাসপোর্ট কার্যালয়ে সেবাগ্রহীতাদের ভোগান্তি ও ঘুষ লেনদেনের অভিযোগ তুলে ধরেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, অনলাইনে আবেদন করে সরকারি ফি জমা দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে গেলেও আবেদনকারীদের নানা জটিলতার মুখে পড়তে হয়। কখনো জন্মতারিখে গরমিল, কখনো নামের বানানে ভুল কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটির কথা বলে আবেদন আটকে দেওয়া হয়।

অথচ তাঁর দাবি, অফিসের বাইরে দালালের মাধ্যমে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দিলে একই কাজ দ্রুত সম্পন্ন করার সুযোগ পাওয়া যায়। জন্মতারিখ সংশোধন, আটকে থাকা আবেদন ও দ্রুত পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রেও আলাদা দালালনির্ভর ব্যবস্থা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

টিআইবির জরিপে পাসপোর্ট সেবায় দুর্নীতির চিত্র

নিজের বক্তব্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত জাতীয় খানা জরিপের তথ্যও তুলে ধরেন এনসিপির এই নেতা।

টিআইবির ২৫ জুন ২০২৬ প্রকাশিত ‘Corruption in Service Sectors: National Household Survey 2025’ শীর্ষক জরিপ অনুযায়ী, পাসপোর্ট সেবা নেওয়া ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে। একই সেবায় ৮৪ দশমিক ৪ শতাংশ পরিবার কোনো না কোনো ধরনের দুর্নীতির শিকার হয়েছে।

জরিপে আরও বলা হয়, ২০২৫ সালে সরকারি সেবা নিতে গিয়ে দেশের বিভিন্ন খাতে ঘুষের আনুমানিক মোট লেনদেনের পরিমাণ ছিল ১২ হাজার ৬৩৩ কোটি টাকা। জরিপটি ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়।

দুর্নীতি বন্ধে কয়েকটি পদক্ষেপের দাবি

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পাসপোর্ট সেবার দুর্নীতি বন্ধে শুধু অভিযান চালিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয়। এ জন্য প্রতিটি পাসপোর্ট কার্যালয়ে সরকারি ফি, সেবা দেওয়ার নির্ধারিত সময়সীমা এবং অভিযোগ নিষ্পত্তির পদ্ধতি স্পষ্টভাবে প্রকাশ করতে হবে।

এ ছাড়া কোনো আবেদন আটকে গেলে তার লিখিত কারণ জানানো, ঘুষের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার আশায় অনেক তরুণ জমি বন্ধক রেখে কিংবা ধারদেনা করে পাসপোর্ট তৈরির খরচ জোগাড় করেন। এ অবস্থায় তাঁদের ওপর অতিরিক্ত অর্থের চাপ তৈরি হওয়া অত্যন্ত দুর্ভোগের বিষয়।

সরকারের কাছে জবাবদিহি চান নাসীরুদ্দীন

পাসপোর্ট সেবায় দীর্ঘদিনের অনিয়ম দূর করতে সরকার কত দিনের মধ্যে কী ধরনের পরিবর্তন আনবে, সে বিষয়ে স্পষ্ট পরিকল্পনা প্রকাশের আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তাঁর মতে, এমন সেবা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যেখানে নাগরিকেরা অনলাইনে আবেদন করার পর কোনো দালালের সহায়তা ছাড়াই সরাসরি সরকারি প্রক্রিয়ায় পাসপোর্টের কাজ সম্পন্ন করতে পারবেন।