ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষার কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে রাশেদুল ইসলাম সম্মেলন হলে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।
বিমানবন্দরের সক্ষমতা যাচাইয়ে সমীক্ষা
মন্ত্রী জানান, ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে ইতোমধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। সমীক্ষায় বিমানবন্দরের সক্ষমতা, কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক দিয়ে উড়োজাহাজ অবতরণ করবে, রানওয়ের প্রয়োজনীয় দৈর্ঘ্য এবং অবতরণের পথসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, বিমানবন্দর নির্মাণ একটি বড় ও জটিল পরিকল্পনা। এ বিষয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলমান রয়েছে।
আগে এগোবে বগুড়া বিমানবন্দর
বিমানমন্ত্রী বলেন, বগুড়া বিমানবন্দর প্রকল্পের কাজ তুলনামূলকভাবে অনেকটা এগিয়ে থাকায় সেটিকে আগে বাস্তবায়নের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বগুড়ায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার পণ্য পরিবহনের একটি কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। তাঁর পরিকল্পনা অনুযায়ী, বগুড়ার বিমানবন্দর প্রকল্পের কাজ শুরুর এক থেকে দুই বছর পর ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্প এগিয়ে নেওয়া হতে পারে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহের পাশাপাশি ঢাকার উত্তরাঞ্চলেও অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে।
ত্রিশালকে পর্যটন নগরী করার পরিকল্পনা
মতবিনিময় সভায় ত্রিশালের পর্যটন সম্ভাবনার কথাও তুলে ধরেন মন্ত্রী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এ অঞ্চলকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
বৃহত্তর ময়মনসিংহের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের স্বাস্থ্যসেবা, যোগাযোগ এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়েও পরিকল্পনার কথা বলেন তিনি।
বিমান পরিবহন ও আন্তর্জাতিক সহযোগিতা
বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও মন্ত্রী কথা বলেন। তুরস্কসহ বিভিন্ন দেশের সঙ্গে বিমান পরিবহন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া কক্সবাজার বিমানবন্দরকে পর্যটনকেন্দ্রিক বিমান যোগাযোগের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



