নেদারল্যান্ডস থেকে মা-বাবার খোঁজে বাংলাদেশে সেলিনা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

নেদারল্যান্ডস থেকে মা–বাবার খোঁজে বাংলাদেশে সেলিনা

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১২, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শৈশবের একটি সাদাকালো ছবি, পুরোনো পাসপোর্ট আর অস্পষ্ট কিছু স্মৃতি—এই সম্বল নিয়েই নিজের জন্মদাতা মা-বাবা ও স্বজনদের খুঁজতে বাংলাদেশে এসেছেন নেদারল্যান্ডসের নাগরিক ৪৫ বছর বয়সী সেলিনা গোমেজ। প্রায় সাড়ে ৪৩ বছর আগে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া এই নারী এখন কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন নিজের শিকড়ের সন্ধানে।

গত ২৮ অক্টোবর বাংলাদেশে আসেন সেলিনা। তাঁর জন্ম চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। বয়স যখন দেড় বছর, তখন এক নারী তাঁকে ঢাকায় নিয়ে যান। পরে নেদারল্যান্ডসের একটি পরিবার তাঁকে দত্তক নেয়। হেলেনা গোমেজ ও বেনেডি গোমেজের কাছে নেদারল্যান্ডসে বেড়ে ওঠেন তিনি।

শৈশবের স্মৃতি বলতে একটি ছবি

সেলিনা জানান, জন্মদাতা মা-বাবার কোনো স্মৃতি তাঁর মনে নেই। বাংলাদেশের পরিবেশ কিংবা শৈশবের কোনো ঘটনাও মনে করতে পারেন না। তবে তাঁর কাছে রয়েছে ছোটবেলার একটি সাদাকালো ছবি ও পুরোনো পাসপোর্ট।

পাসপোর্টে তাঁর জন্মতারিখ উল্লেখ রয়েছে ১৯৮১ সালের ৭ জুলাই। জাতীয়তা হিসেবে লেখা আছে বাংলাদেশি। ছবিটি দেখিয়ে সেলিনা বলেন, এটি ছিল বাংলাদেশে তাঁর শেষ ছবি।

বাংলাদেশে প্রথমবার আসার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, বিমানবন্দর থেকে বের হওয়ার পর এখানকার বাতাস ও চারপাশের শব্দ শুনে তাঁর মনে হয়েছিল, তিনি বাড়িতে ফিরে এসেছেন।

নিজের পরিবারকে খুঁজে পেতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন সেলিনা। বিভিন্ন এলাকায় লিফলেটও বিতরণ করেছেন তিনি। তাঁর আশা, কেউ হয়তো পুরোনো কোনো স্মৃতি বা তথ্যের সূত্র ধরে তাঁকে পরিবারের কাছে পৌঁছে দিতে পারবেন।

হারানো বোনকে খুঁজে পাওয়ার দাবি আবু সৈয়দের

সেলিনার অনুসন্ধানের একপর্যায়ে আবু সৈয়দ নামের এক ব্যক্তি নিজেকে তাঁর ভাই বলে দাবি করেছেন। তিনি কক্সবাজার পৌরসভার চিরিংগা ভরামুহুরী এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক।

আবু সৈয়দের দাবি, ছোটবেলায় ঢাকায় নিয়ে যাওয়ার পর তাঁর এক বোন হারিয়ে গিয়েছিলেন। সেলিনার চেহারা ও আচরণের সঙ্গে মিল খুঁজে পেয়ে তিনি মনে করছেন, এই নারীই তাঁর হারিয়ে যাওয়া বোন হতে পারেন।

গত রোববার কক্সবাজার শহরের একটি হোটেলে সেলিনার সঙ্গে দেখা করেন আবু সৈয়দ। তবে আবেগের পাশাপাশি বিষয়টি নিশ্চিত হওয়ার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন সেলিনা।

ডিএনএ পরীক্ষার ফলের অপেক্ষা

আবু সৈয়দের সঙ্গে পারিবারিক সম্পর্কের সত্যতা যাচাই করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন সেলিনা। ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এখন পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছেন দুজন।

সেলিনা বলেন, তিনি বিষয়টি নিশ্চিত হতে চান। ডিএনএ পরীক্ষার ফল পাওয়ার পরই তাঁদের সম্পর্ক সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জন্মদাতা মা-বাবার সঙ্গে দেখা করার অপেক্ষা

এর আগেও সাত-আট বছর আগে বাংলাদেশে এসেছিলেন সেলিনা। তবে এবার দীর্ঘ সময় নিয়ে পরিবারের সন্ধানে নেমেছেন তিনি। এই কাজে তাঁকে সহযোগিতা করছেন মোহাম্মদ ওমর নামের একজন ভ্রমণ সহকারী।

সেলিনা জানান, নেদারল্যান্ডসে তিনি একা থাকেন এবং প্রায়ই একাকিত্ব অনুভব করেন। তাঁর জন্মদাতা মা-বাবা যেন জানতে পারেন, তাঁদের মেয়ে কোথায় আছেন এবং কীভাবে বড় হয়েছেন—এটাই তাঁর বড় চাওয়া।

সেলিনার দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বাবার নাম মোহাম্মদ সাচি মিয়া এবং মায়ের নাম সোনা বানু। তিনি আরও অন্তত এক সপ্তাহ বাংলাদেশে থাকার পরিকল্পনা করেছেন।

সেলিনা বলেন, তাঁকে যে গল্প বলা হয়েছে, তাতে তাঁর জন্মস্থান চকরিয়ার মালুমঘাট। তিনি চান, পরিবারের সঙ্গে আবারও এক হতে। এখন ডিএনএ পরীক্ষার ফল এবং স্থানীয় মানুষের দেওয়া তথ্যের ওপর নির্ভর করছে তাঁর দীর্ঘদিনের অপেক্ষার পরবর্তী অধ্যায়।