আইপিএলের আগামী মৌসুমের জন্য আবারও নিজের নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। গত মৌসুমে তাঁকে দলে নেওয়ার পরও শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারেননি তিনি। সেই ঘটনার পর মোস্তাফিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। তবে সব আলোচনা ও বিতর্ক পেছনে ফেলে এবারও নিলামে নাম লিখিয়েছেন এই পেসার।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আইপিএলে ফেরার বিষয়ে মোস্তাফিজের প্রতিক্রিয়া—‘লেট ইট গো’। অর্থাৎ আগের ঘটনা পেছনে ফেলে তিনি সামনে এগিয়ে যেতে চান।
গত মৌসুমে আইপিএলের নিলামে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে দল থেকে বাদ দিতে হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক আলোচনা তৈরি হয়। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর সরিয়ে নেওয়ার দাবি ওঠে। শেষ পর্যন্ত বাংলাদেশ ওই টুর্নামেন্টে অংশ নেয়নি।
এরপর মোস্তাফিজকে আবার আইপিএলের মঞ্চে দেখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। এবার নিলামে নাম নিবন্ধনের মধ্য দিয়ে সেই সম্ভাবনাই আবার সামনে এসেছে।
আইপিএলে মোস্তাফিজের দীর্ঘ অভিজ্ঞতা
আইপিএলের মঞ্চে মোস্তাফিজুর রহমান এখন পরিচিত নাম। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।
২০১৬ সালে আইপিএলে অভিষেক মৌসুমেই টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মোস্তাফিজ। বিদেশি ক্রিকেটার হিসেবে তাঁর এই অর্জন এখনো বিশেষ কীর্তি হিসেবে বিবেচিত হয়।
আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ওভারপ্রতি ৮.১৩ রান খরচ করে তাঁর শিকার ৬০ উইকেট। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানের পর আইপিএলে সবচেয়ে বেশি পরিচিত মুখগুলোর একটি মোস্তাফিজের।
নিলামে আরও বাংলাদেশি ক্রিকেটার
এবারের নিলামে মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও ৬ থেকে ৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন বলে জানা গেছে।
তালিকায় রয়েছেন জাতীয় দলের পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটার তাওহীদ হৃদয়। খেলোয়াড়দের নাম নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএলের মিনি নিলাম। মেগা নিলামের মতো এবার পুরো দল নতুন করে সাজানোর সুযোগ থাকবে না। তবে প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় দলে নেওয়া ও ছেড়ে দেওয়ার সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর।
দলগুলোর বাজেট ও খেলোয়াড়সংখ্যা
নিয়ম অনুযায়ী, এবারের আইপিএলে প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন এবং কমপক্ষে ১৮ জন খেলোয়াড় রাখা যাবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় থাকতে পারবেন সর্বোচ্চ আটজন।
২০২৭ মৌসুমের জন্য প্রতিটি দলের মোট খরচের সীমা নির্ধারণ করা হয়েছে ১৫৭ কোটি রুপি। তবে নিলামের আগে কোন দলের হাতে ঠিক কত অর্থ অবশিষ্ট থাকবে, তা এখনো নিশ্চিত নয়।
ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর নিলামের জন্য প্রতিটি দলের প্রকৃত বাজেট স্পষ্ট হবে।
মোস্তাফিজের নাম নিবন্ধনের ফলে এবার আইপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেয় এবং শেষ পর্যন্ত আবারও আইপিএলের মাঠে দেখা যায় কি না এই বাঁহাতি পেসারকে।



