পাবনার চাটমোহরের ছাইকোলা বাজারে সোমবার সার বিতরণের সময় প্রদীপ কুমার পালের ডিলার পয়েন্ট থেকে ছয় শতাধিক বস্তা সার লুটপাটের ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টার দিকে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মো. আবু আশ্রাফ আলী বিকেলেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার বিতরণ চলছিল। ওই ডিলার পয়েন্টে ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। সার বিতরণের জন্য ১৭১টি মেমো কাটা হয়েছিল। তবে এলাকায় আরও দুটি পয়েন্টে সার বিতরণ চললেও সেখানে সরবরাহ শেষ হয়ে যাওয়ায় কৃষকরা প্রদীপ কুমারের পয়েন্টে ভিড় করেন। অতিরিক্ত মানুষের চাপে ও বিতরণে বিলম্বের কারণে কৃষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডিলার কার্যক্রম স্থগিত করেন এবং একপর্যায়ে লোকজন গোডাউন ভেঙে ৬১১ বস্তা সার নিয়ে যান।
উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, পর্যাপ্ত সার থাকা সত্ত্বেও অযৌক্তিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে লুটপাট চালানো হয়েছে। চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান স্পষ্টভাবে জানান, এলাকায় সারের কোনো সংকট নেই। অযৌক্তিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা সার লুটে নিয়েছেন, তাদের সার ফেরত দিতে বা সমপরিমাণ টাকা ডিলারকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সার বা টাকা ফেরত না দিলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।



