প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৮, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ পর্যায়ে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে কমিশন।

রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সদর উপজেলার ইউনিয়নগুলোও প্রাথমিক পর্যায়ের তালিকায় গুরুত্ব পাচ্ছে।

ইসি সচিব জানান, প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের তালিকা প্রস্তুত ও যাচাইয়ের কাজ চলছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে তালিকায় থাকা ইউনিয়নগুলোর তথ্য, মামলা ও সীমানাসংক্রান্ত জটিলতা পরীক্ষা করা হচ্ছে।

ভবিষ্যতের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে তিনি বলেন, আগামীতে কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করবে না কমিশন। তবে অব্যবহৃত যন্ত্রগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া ছয় বছর বয়স থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডার তৈরির পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় শিশুদের দেওয়া তথ্য কাজে লাগিয়ে এ কার্যক্রম বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান ইসি সচিব।