বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের লক্ষ্য আতঙ্ক সৃষ্টি: ডিএমপি
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের লক্ষ্য জনমনে আতঙ্ক সৃষ্টি: ডিএমপি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৮, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি জানান, প্রতিটি ঘটনাকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এসব ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন বলেও জানান তিনি।

মো. আকতার হোসেন বলেন, সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় পুলিশের ধারণা, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আতঙ্ক দূর করতে বিভিন্ন এলাকায় পুলিশের মোবাইল পার্টি ও পিকেট ডিউটি বাড়ানো হয়েছে।

ককটেল তৈরির উপকরণ ও দাহ্য পদার্থের উৎস সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতেও বিস্ফোরকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সাম্প্রতিক ঘটনাগুলোর তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাহ্য পদার্থ সংগ্রহকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

নাশকতার উদ্দেশ্যে পেট্রোল পাম্প বা অন্য কোনো উৎস থেকে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, সেটিও নজরদারিতে রাখা হয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।