খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে বাসটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
বিআরটিসি বাস কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, রাত ৪টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাসটি আগুনে পুড়ে যেতে দেখেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
ঘটনার পর স্থানীয় রাজনৈতিক নেতাদের পাশাপাশি জেলা বিএনপির নেতারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার পেছনে থাকতে পারে। তার দাবি, দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা একটি চক্র এ ঘটনায় জড়িত থাকতে পারে।
অন্যদিকে, খাগড়াছড়ি সদর থানা পুলিশ ঘটনাটিকে নাশকতা হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে। বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।



