বিএনপির নতুন কমিটি, আহ্বায়ক মিল্টন ও সদস্যসচিব জাহাঙ্গীর
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

এক মাস পর ঢাকা উত্তর বিএনপির নতুন নেতৃত্ব, আহ্বায়ক মিল্টন ও সদস্যসচিব জাহাঙ্গীর

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২, ২০২৬ ৬:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

কমিটি বিলুপ্তির এক মাসের বেশি সময় পর ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলটি। এতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

রোববার (১ নভেম্বর) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দুই নেতাকে আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

নতুন নেতৃত্বে যারা

নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিবের দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

অন্যদিকে সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন এর আগে বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

এক মাস আগে বিলুপ্ত হয়েছিল কমিটি

গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন আমিনুল হক এবং সদস্যসচিব ছিলেন মোস্তফা জামান।

দলটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তখন কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত জানানো হয়েছিল।