জনবার্তা ডেস্ক
ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সহিংসতা, জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ ও নির্যাতনের অভিযোগ তুলেছেন তাঁর সাবেক প্রেমিকা জেমিমা গোল্ডস্মিথ। ২০১৪ সালে তাঁদের সম্পর্কের শেষ দিকে একটি সহিংস ঘটনার সময় ব্র্যান্ডকে নিজের বাড়ি থেকে সরিয়ে নিতে পুলিশ ডাকতে হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে জেমিমা নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। রাসেল ব্র্যান্ডের ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় কারাদণ্ড ঘোষণার পরপরই তিনি এই বিবৃতি দেন।
জেমিমা জানান, নিজের ও তৎকালীন কিশোর বয়সী সন্তানদের নিরাপত্তা এবং সংবাদমাধ্যমের মনোযোগের সম্ভাব্য প্রভাব বিবেচনা করে তখন তিনি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। ২০১৪ সালের ওই ঘটনার পর থেকে ব্র্যান্ডের সঙ্গে তাঁর আর দেখা বা কথা হয়নি বলেও জানান তিনি।
যৌন অপরাধে সাড়ে ১০ বছরের কারাদণ্ড
যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট গত ৯ নভেম্বর রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ছয় মাসের কারাদণ্ড দেন। চার সপ্তাহের বিচার শেষে জুরি বোর্ড তাঁকে একজন নারীকে ধর্ষণ এবং তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করে। ঘটনাগুলো ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে ঘটেছিল।
তবে তাঁর বিরুদ্ধে আনা আরও দুটি ধর্ষণের অভিযোগ এবং একটি ধর্ষণের চেষ্টার অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। ব্রিটিশ পুলিশের তথ্য অনুযায়ী, দণ্ডের পাশাপাশি তাঁকে আজীবন যৌন অপরাধীর নিবন্ধনে থাকতে হবে।
ম্যাসাজ থেরাপিস্টের অভিযোগ ও আদালতের নিষেধাজ্ঞা
জেমিমার সাম্প্রতিক বিবৃতিতে ২০১৪ সালের আরেকটি ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। ওই বছরের জুনে অক্সফোর্ডশায়ারে জেমিমার বাড়িতে রাসেল ব্র্যান্ডকে ম্যাসাজ দেওয়ার জন্য হাঙ্গেরীয় থেরাপিস্ট সিলভিয়া বারকিকে নিয়োগ করা হয়েছিল।
বারকি অভিযোগ করেছিলেন, ওই সময় তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং ব্র্যান্ডের কুকুর তাঁকে ভয় দেখায়। এ ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগও করেছিলেন। তবে জেমিমা তাঁর বিবৃতিতে বলেন, ম্যাসাজের পুরো সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে দেখেননি।
পরে রাসেল ব্র্যান্ড ও জেমিমা বারকির বিরুদ্ধে হয়রানির অভিযোগে আদালতের নিষেধাজ্ঞা পান। ওই আদেশের ফলে বারকির অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে আদালতের সেই আদেশ ও ঘটনাটির প্রেক্ষাপট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভুক্তভোগীদের পাশে থাকার কথা জানালেন জেমিমা
নিজের বিবৃতিতে জেমিমা ব্র্যান্ডের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়া নারীদের সাহসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, ব্র্যান্ডের ভুক্তভোগীদের পাশে তিনি সব সময় দৃঢ়ভাবে ছিলেন।
এ ছাড়া ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ প্রকাশে কাজ করা সাংবাদিকদেরও তিনি কয়েক বছর ধরে সহযোগিতা করেছেন বলে জানান। প্রয়োজন হলে আদালতে ব্র্যান্ডের আচরণ সম্পর্কে সাক্ষ্য দিতেও প্রস্তুত ছিলেন বলে উল্লেখ করেন তিনি।
জেমিমা গোল্ডস্মিথ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে। ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাসেল ব্র্যান্ডের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল।



