জনবার্তা ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ২০২৬ সালের প্রথম ১০ মাসে বড় ধরনের অপরাধের সংখ্যা গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি হারে কমেছে। মেয়র জোহরান মামদানির দায়িত্ব গ্রহণের পর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় অপরাধের ঘটনা কমেছে ৬ হাজার ৬৬৭টি।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের প্রথম ১০ মাসে শহরজুড়ে বড় ধরনের অপরাধের সংখ্যা ৬ দশমিক ৫ শতাংশ কমেছে। এ সময়ে মোট অপরাধের ঘটনা ছিল ৯৬ হাজার ৫৯টি। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৭২৬টি।
গুলির ঘটনা ও হত্যাকাণ্ডে রেকর্ড পতন
অপরাধের সামগ্রিক পরিসংখ্যানের পাশাপাশি গুলির ঘটনা ও হত্যাকাণ্ডেও উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে। এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে নিউইয়র্কে গুলির ঘটনা ঘটেছে ৫৩৬টি। আগের বছর একই সময়ে এ সংখ্যা ছিল ৫৯৮টি। অর্থাৎ গুলির ঘটনা কমেছে ১০ দশমিক ৪ শতাংশ।
এ সময়ে গুলিতে আহত হয়েছেন ৬৪৯ জন। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ৭৪৬ জন। অন্যদিকে, হত্যাকাণ্ডের সংখ্যা ২০২৫ সালের ২৭৩ থেকে কমে ২০২৬ সালে দাঁড়িয়েছে ২৩০-এ। পুলিশ বিভাগের দাবি, গুলির ঘটনা, গুলিতে আহত ব্যক্তি ও হত্যাকাণ্ডের সংখ্যা—তিন ক্ষেত্রেই এটি সংশ্লিষ্ট সময়ের রেকর্ড সর্বনিম্ন।
চুরি ও ডাকাতির ঘটনাও কমেছে
এনওয়াইপিডির প্রতিবেদনে অপরাধের বিভিন্ন শ্রেণিতেও হ্রাসের তথ্য তুলে ধরা হয়েছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডাকাতি কমেছে ১২ দশমিক ৩ শতাংশ, বাড়িঘরে চুরি কমেছে ১৪ দশমিক ২ শতাংশ এবং মোটরযান চুরি কমেছে ১১ দশমিক ২ শতাংশ। বড় অঙ্কের সম্পদ চুরির ঘটনাও কমেছে ৬ দশমিক ১ শতাংশ।
তবে সব ধরনের অপরাধ কমেনি। একই সময়ে ধর্ষণের অভিযোগ ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ফলে সামগ্রিক অপরাধের সংখ্যা কমলেও কয়েকটি ক্ষেত্রে উদ্বেগ রয়ে গেছে।
পুলিশি উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ
পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, অপরাধপ্রবণ এলাকা ও সময় চিহ্নিত করে পুলিশ মোতায়েন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযানসহ বিভিন্ন উদ্যোগ অপরাধ কমাতে ভূমিকা রেখেছে।
মেয়র জোহরান মামদানি এর আগে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বিভাগের পাশাপাশি সহিংসতা প্রতিরোধে কাজ করা দলগুলোর ভূমিকার কথাও উল্লেখ করেছেন। তাঁর মতে, অপরাধের মূল কারণ মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ একসঙ্গে কাজ করছে।
এনওয়াইপিডির পরিসংখ্যান অনুযায়ী, নিউইয়র্কের পাঁচটি বরোতেই বড় ধরনের অপরাধ কমেছে। তবে শহরের গণপরিবহন ব্যবস্থায় অপরাধের সংখ্যা আগের বছরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়েছে।



