যুক্তরাষ্ট্রের নাগরিকেরা কখনো তাঁর ওপর বিরক্ত বা ক্ষুব্ধ হয়ে উঠলে ইসরাইলে চলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হবেন—এমন মন্তব্য করে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরাইলে নিজের জনপ্রিয়তা ৯৯ শতাংশ বলে দাবি করেছেন তিনি।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে টেলিফোনে যুক্ত হয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। নির্বাচনের দিন রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ভোটারদের উদ্দেশে শেষ মুহূর্তের বার্তা দিতেই তিনি ওই অনুষ্ঠানে কথা বলেন।
ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার একপর্যায়ে ট্রাম্প বলেন, ইসরাইলে তাঁর অনুমোদনের হার ৯৯ শতাংশ। এরপর তিনি রসিকতা করে বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ কখনো তাঁর ওপর বিরক্ত হয়ে গেলে তিনি ইসরাইলে চলে যাবেন এবং দেশটির প্রধানমন্ত্রী হবেন।
তবে নিজের জনপ্রিয়তা ৯৯ শতাংশ হওয়ার দাবির পক্ষে কোনো জনমত জরিপের তথ্য বা সূত্র উল্লেখ করেননি ট্রাম্প।
ইসরাইলকে সহায়তা বন্ধের ঘোষণা
একই সাক্ষাৎকারে ইসরাইলকে দেওয়া মার্কিন সহায়তা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইসরাইলকে বছরে প্রায় ৪ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁদের সমঝোতা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এই সহায়তা বন্ধ করা হবে বলে দাবি করেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, ইসরাইল এখন আর এই অর্থের প্রয়োজন অনুভব করে না। তবে দেশটির প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলেও জানান তিনি। তাঁর অভিযোগ, কিছু ডেমোক্র্যাট ও বামপন্থি রাজনীতিবিদ ইসরাইলকে দেওয়া মার্কিন সহায়তাকে রাজনৈতিক সমালোচনার বিষয় হিসেবে ব্যবহার করছেন।
তবে সহায়তা বন্ধের ঘোষণা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সাক্ষাৎকারে বিস্তারিত জানাননি ট্রাম্প।



