ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার সকালে শুরু হওয়া এ সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে হেমায়েতপুর-সিংগাইর সড়কের পদ্মার মোড় এলাকায় শ্রমিকেরা জড়ো হলে তাঁদের সরিয়ে দিতে উদ্যোগ নেয় পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের মধ্যে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, পদ্মার মোড় এলাকায় দুই দিক থেকে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক জড়ো হন। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর আক্রমণাত্মক হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীরা ওসির গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং হামলায় ওসি গুরুতর আহত হন।
এসপি আরও জানান, সংঘর্ষে কয়েকজন শ্রমিকও আহত হয়েছেন। তবে আহত ব্যক্তিদের মোট সংখ্যা, তাঁদের পরিচয় এবং চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



