খুলনায় জামায়াত আমিরের বক্তব্য
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

‘কার্ডের টাকা কোথায় গেল?’—খুলনার সমাবেশে জামায়াত আমিরের প্রশ্ন

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

জনবার্তা ডেস্ক

গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ক্রমান্বয়ে শক্তিশালী করা হবে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে খুলনার ঐতিহাসিক শিববাড়ী মোড়ে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবিতে আয়োজিত লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি জানতে চান, এসব কার্ডের জন্য বরাদ্দ করা অর্থ কোথায় যাচ্ছে এবং সাধারণ মানুষ প্রকৃত সুফল পাচ্ছে কি না। তাঁর অভিযোগ, কার্ডের মাধ্যমে এক থেকে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হলেও গ্যাস ও বিদ্যুতের বিলের মাধ্যমে মানুষের কাছ থেকে বেশি অর্থ নেওয়া হচ্ছে।

গণভোটের ফল বাস্তবায়নের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সেই অবস্থান থেকে সরে আসা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায়ের কর্মসূচি ধীরে ধীরে আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

চাঁদাবাজি, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, এসবের বিরুদ্ধে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তাঁরা রাজপথে নেমেছেন। তিনি একটি শোষণমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকারও ব্যক্ত করেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান।