খুলনায় জামায়াত আমিরের ঘোষণা, গণভোটের রায় না মানলে,আন্দোলন
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’—খুলনায় জামায়াত আমির

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

জনবার্তা ডেস্ক

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকামুখী কর্মসূচি ঘোষণা করা হলে গ্রামবাংলার মানুষকে সঙ্গে নিয়ে ঢাকায় যাওয়ার আহ্বানও জানান তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে খুলনার ঐতিহাসিক শিববাড়ী মোড়ে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবিতে আয়োজিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, কার্ডের মাধ্যমে দুই হাজার টাকা দেওয়া হলেও গ্যাস ও বিদ্যুৎ বিলের ক্ষেত্রে মানুষকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে। কৃষকেরা সার পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সরকার গঠনের পর জনগণের সেই রায় উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং কর্মসূচি ধাপে ধাপে আরও জোরালো হবে।

ওসমান হাদিসহ জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের হত্যার বিচার দাবির কথাও তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং চাঁদাবাজির হাত থেকে মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই তাঁরা রাজপথে নেমেছেন।

দেশের অর্থ লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের অর্থ পাচার ও লুটপাট ঠেকাতে হবে। একই সঙ্গে চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারি বন্ধের আহ্বান জানান তিনি।

লংমার্চের সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ।

এর আগে লংমার্চের পথে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া ও কাটাখালী মোড়েও বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। নওয়াপাড়ার পথসভায় তিনি সাত দফা দাবিকে কোনো দল বা জোটের নিজস্ব দাবি নয়, বরং জনগণের দাবি বলে উল্লেখ করেন। কাটাখালীতে তিনি বলেন, জনগণের গণরায় বাস্তবায়ন করতে হবে; অন্যথায় এর পরিণতি জনগণই নির্ধারণ করবে।

খুলনার পথসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান। এতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।