যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা, নৌ-অবরোধ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থলবাণিজ্যে জটিলতার কারণে গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। এমন পরিস্থিতিতে দেশটির সরকার আগামী অর্থবছরের বাজেট প্রণয়নে তেল রপ্তানি থেকে প্রায় শূন্য আয় ধরে পরিকল্পনা করছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জি-৭ সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের জানিয়েছেন, ইরানের ওপর বর্তমান নৌ-অবরোধ ও স্থলসীমান্তের বিধিনিষেধ অনির্দিষ্টকাল অব্যাহত থাকতে পারে। তাঁর মতে, ইরানের অর্থনীতি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং আগামী এক থেকে তিন মাসে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
এ অবস্থায় তেলবহির্ভূত রপ্তানি বাড়ানো এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য জোরদার করাকে গুরুত্ব দিচ্ছে তেহরান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানোও অর্থনৈতিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তেল রপ্তানি বন্ধের চাপ
মার্কিন অর্থ বিভাগের দাবি, গত ২৫ আগস্টের পর থেকে ইরান কোনো জাহাজে তেল বোঝাই করতে পারেনি। নিষেধাজ্ঞা কার্যকর করতে মার্কিন সামরিক বাহিনী অন্তত ১৪৭টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে এবং পাঁচটি জাহাজ অচল করে দিয়েছে।
জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের হিসাবে, ইরানের দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন বর্তমানে দুই মিলিয়ন ব্যারেলের নিচে নেমে এসেছে।
ইরানের পরিকল্পনা ও বাজেট সংস্থার উপপ্রধান মোহাম্মদ ঘাসেমি জানিয়েছেন, আগামী অর্থবছরে তেল থেকে রাজস্ব আয় শূন্যে নেমে আসতে পারে—এমন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে সরকার।
তেলনির্ভর বাজেট নিয়ে বড় চ্যালেঞ্জ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক চাপ দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রায় এক-তৃতীয়াংশই তেলনির্ভর। ফলে তেল রপ্তানি বন্ধ বা ব্যাপকভাবে কমে গেলে বাজেট ঘাটতি সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগ কমে যাওয়ার চাপ। ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর শেষ হওয়া ইরানি ক্যালেন্ডার মাসে বার্ষিক মূল্যস্ফীতি প্রায় ৮৯ শতাংশে পৌঁছেছে।
বেতন-পেনশন নিয়েও শঙ্কা
তেহরানভিত্তিক অর্থনীতিবিদ আইজ্যাক সাইদিয়ান সতর্ক করেছেন, তেলের আয় বন্ধ হয়ে গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশন দেওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং জাতীয় মুদ্রার মান ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।
এই পরিস্থিতি মোকাবিলায় ব্যয় সংকোচন, কর সংস্কার, সরকারি সম্পদ বিক্রি এবং বন্ড ইস্যুর মতো পদক্ষেপ বিবেচনা করছে সরকার।
তবে অর্থনীতিবিদদের মতে, শুধু এসব পদক্ষেপ দিয়ে দীর্ঘমেয়াদি সংকট সামাল দেওয়া কঠিন। অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমানো, কর ফাঁকি বন্ধ করা, কর অব্যাহতি সংস্কার এবং সরকারি সম্পদ বিক্রির মাধ্যমে স্বল্পমেয়াদি চাপ কিছুটা কমানো সম্ভব হতে পারে।
সাধারণ মানুষের ওপর বাড়ছে চাপ
মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে কিছুটা সুরক্ষা দিতে পরিবারগুলোর জন্য ইলেকট্রনিক খাদ্য কুপন কর্মসূচি চালু রাখার ঘোষণা দিয়েছে ইরান সরকার।
তবে জ্বালানি ভর্তুকি কমানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।
সাইদিয়ানের মতে, বাজেট সংস্কার ও ব্যয় সংকোচন স্বল্প মেয়াদে কিছুটা কার্যকর হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ নিশ্চিত করা জরুরি।
তিনি সতর্ক করে বলেন, সরকারি খাতকে কাগজে-কলমে সচল রেখে সংকটের পুরো বোঝা জনগণের ওপর চাপিয়ে দিলে দারিদ্র্য বাড়তে পারে, দুর্বল হয়ে পড়তে পারে মধ্যবিত্ত শ্রেণি এবং ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের উৎপাদন সক্ষমতা।
সব মিলিয়ে, তেল রপ্তানি থেকে আয় প্রায় শূন্যে নেমে গেলে ইরানের জন্য শুধু বাজেটের ঘাটতি পূরণই নয়, একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক ব্যয় চালু রাখা এবং অর্থনীতির উৎপাদন সক্ষমতা ধরে রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।



