কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নাশকতা বা পেট্রোল বোমা ব্যবহারের সুনির্দিষ্ট আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সুষ্ঠু তদন্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগুনের সূত্রপাত যেভাবে
ঘটনার বিবরণ দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে বাগুয়ান গ্রামের ওই টিনশেড আধা-পাকা বাড়িতে আগুন লাগে। বাড়িটি থেকে প্রায় ২০ মিটার দূরে সংসদ সদস্যের বাবা-মা একটি তিনতলা ভবনে বসবাস করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটিতে নিয়মিত কেউ থাকতেন না। সেখানে মূলত আসবাবপত্র ও দুটি ছাগল রাখা হতো। খবর পেয়ে পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার এবং বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
শর্টসার্কিটের সম্ভাবনা দেখছে তদন্তকারীরা
প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলা এবং ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে এখন পর্যন্ত নাশকতা বা পেট্রোল বোমা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। আগুন লাগার সময় বিস্ফোরকজাতীয় কোনো শব্দ শোনার কথাও কোনো সাক্ষী বা স্থানীয় বাসিন্দা জানাননি।
তিনি বলেন, দেয়ালের চিহ্ন পরীক্ষা করে ধারণা করা হচ্ছে, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক ওয়্যারিং দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় পুড়ে গেছে। এ ছাড়া দুটি ছাগলের মৃত্যু হয়েছে।
তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করেছে। তদন্ত কার্যক্রম এখনো চলমান। অধিকতর তদন্তে নাশকতা বা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সরকার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। সন্দেহজনক যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।



