টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযানে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযানে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১২, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

নৌকা থেকে ইয়াবা নামিয়ে পালানোর চেষ্টা

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে আসা একটি নৌকা লক্ষ্য করে বিশেষ টহল দল। এ সময় নৌকা থেকে ৭ থেকে ৮ জন মাদক কারবারি বস্তাভর্তি ইয়াবা পানিতে নামিয়ে কেওড়া বনের আড়ালে আশ্রয় নেয়।

বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে কারবারিরা গুলি ছোড়ে। বিজিবি পাল্টা জবাব দিলে তারা ইয়াবার বস্তাগুলো ফেলে নৌকাযোগে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ১০টি বস্তায় রাখা ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পৃথক অভিযানে আটক দুজন

একই রাতে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামের এক যুবককে ১ লাখ পিস ইয়াবাসহ আটক করে বিজিবি।

এ ছাড়া রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. হোসাইন (২০) নামের আরেক ব্যক্তিকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

তিনটি অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ ৯ লাখ ৯৪ হাজার পিস বলে জানিয়েছে বিজিবি।

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবি কাজ করছে।

তিনি বলেন, পেশাদারিত্ব ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা চলছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া টেকনাফ ও উখিয়া এলাকার মাদক কারবারিদের অবস্থান ও তাদের সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।