জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের দাবি প্রধানমন্ত্রীর
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের দাবি প্রধানমন্ত্রীর

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১২, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব দেশের ওপর ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক সহায়তা, ঋণ-ত্রাণ সুবিধা এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার প্রস্তাব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব তুলে ধরেন। সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান তিনি। জলবায়ু আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। বর্তমান জলবায়ু অর্থায়নব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত প্রয়োজন পূরণে যথেষ্ট নয়।

এ পরিস্থিতি মোকাবিলায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব ও সক্ষমতা’ নীতির ভিত্তিতে পাঁচটি প্রস্তাব দেন তিনি। এগুলো হলো—

১. জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ নিশ্চিত করা।

২. ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।

৩. পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা।

৪. সাশ্রয়ী অর্থায়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা।

৫. ন্যায্য জ্বালানি ও উন্নয়ন রূপান্তরে ‘বেলেম-আনতালিয়া মেকানিজম’ গ্রহণ করা।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন ঋণের বোঝা তৈরি না করে যথাযথ অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।

জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ার লক্ষ্য

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও দেশটি জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।

তিনি জানান, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষার সমন্বয়ে এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা পরস্পরের পরিপূরক। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার সময় প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।

নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শিল্পায়ন

বিদ্যুৎ খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আগামী গ্রীষ্মের আগে জাতীয় গ্রিডে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

এ ছাড়া বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং তৈরি পোশাক খাতে পরিবেশবান্ধব শিল্পায়নকে উৎসাহিত করা হচ্ছে। দেশে প্রায় ২৯০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে।

পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা ও বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার সম্প্রসারণ এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগের কথাও জানান তিনি।

বৃক্ষরোপণ ও নদী-খাল খননের পরিকল্পনা

পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এসব উদ্যোগের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুদ্ধার ও ভূগর্ভস্থ পানির স্তর উন্নয়নের লক্ষ্য রয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

নারী ও তরুণদের অংশগ্রহণের আহ্বান

জলবায়ুবিষয়ক সব কার্যক্রমে নারী ও তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান তিনি।

ভাষণের শেষে কপ-৩১ সম্মেলন থেকে ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান। জলবায়ু বিষয়ে আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন এবং সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।