ভারতে মুসলিম ও খ্রিষ্টান ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে বিদ্বেষমূলক বক্তব্য ও অপরাধের ঘটনা বেড়েছে বলে জানিয়েছে নাগরিক অধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। সংগঠনটির ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের দুটি প্রতিবেদনে ৮৩টি বিদ্বেষমূলক বক্তব্য এবং ৩২২টি বিদ্বেষমূলক অপরাধের তথ্য উঠে এসেছে। এসব অপরাধে অন্তত ৫৪ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১০ নভেম্বর প্রকাশিত এপিসিআরের ‘হেট স্পিচ ট্র্যাকার’ ও ‘হেট ক্রাইম ট্র্যাকার’ প্রতিবেদনে বলা হয়, ৮৩টি বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন অন্তত ১৬টি রাজ্যের ৫৭ জন ব্যক্তি। এর মধ্যে ৩৩টি বক্তব্য দিয়েছেন সরকারি পদে থাকা ব্যক্তিরা। তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নাম রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এসব বক্তব্যের মধ্যে ৩৭টিতে সহিংসতায় উসকানি দেওয়া বা হিন্দুদের অস্ত্র সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। ১৯টি বক্তব্যে মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ বা ‘বাংলাদেশি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। খ্রিষ্টানদের লক্ষ্য করে ধর্মান্তরের অভিযোগকে কেন্দ্র করে চারটি বক্তব্য নথিভুক্ত করেছে সংগঠনটি। এ ছাড়া ১৮টি বক্তব্যে মুসলিমদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়েছে।
উত্তম নগরে মুসলিমবিরোধী প্রচারণা
প্রতিবেদনে দিল্লির উত্তম নগরের ঘটনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৬ সালের ৪ মার্চ হোলি উৎসবের দিন পানি ভর্তি বেলুন ছোড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে ২৬ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়। এরপর এলাকাটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাকে কেন্দ্র করে মুসলিমবিরোধী বক্তব্য ও সহিংসতার আহ্বান ছড়াতে থাকে।
এপিসিআর উত্তম নগরকেন্দ্রিক ১১০টি ভিডিও ক্লিপ বিশ্লেষণ করেছে। এর মধ্যে অন্তত ৬০টিতে মুসলিমদের হত্যা, গুলি করা বা পুলিশের কথিত ‘এনকাউন্টারে’ হত্যার আহ্বান ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিওগুলোর অধিকাংশই এলাকার স্থানীয় বাসিন্দাদের তৈরি নয়; দেরাদুন, মিরাট ও উত্তর প্রদেশের রায়বেরেলিসহ বিভিন্ন স্থান থেকে আসা ব্যক্তিরাও এসব বক্তব্য দিয়েছেন বলে সংগঠনটির দাবি।
হিন্দু রক্ষা দলের নেতা ললিত শর্মাকে কয়েকটি ভিডিওতে মুসলিমদের বিরুদ্ধে সহিংস বক্তব্য দিতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একটি ভিডিওতে তিনি পুলিশকে মুসলিমদের গুলি করার আহ্বান জানান। এ ছাড়া কয়েকটি বক্তব্যে ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ ও ‘করপোরেট জিহাদ’-এর মতো শব্দ ব্যবহার করে বিভিন্ন ঘটনাকে মুসলিমবিরোধী প্রচারণার সঙ্গে যুক্ত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৫ মার্চ থেকে উত্তম নগরের ঘটনা ঘিরে ভিডিও ছড়াতে শুরু করে। ৬ মার্চ বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) কর্মীরা স্থানীয় থানার সামনে বিক্ষোভ করেন। ওই দিন অভিযুক্ত পরিবারের একটি বাড়ি ও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। ৮ মার্চ দিল্লি পৌর করপোরেশন অভিযুক্ত পরিবারের বাড়ির একাংশ ভেঙে দেয়। পরে ১২ মার্চ দিল্লি হাইকোর্ট ওই ভাঙার কাজের ওপর স্থগিতাদেশ দেন। ১৯ মার্চ আদালত পুলিশকে ঈদের সময় শান্তি ও মর্যাদা বজায় রাখার নির্দেশ দেন।
এপিসিআরের হিসাবে, উত্তম নগরকেন্দ্রিক উত্তেজনা প্রায় ১৭ দিন স্থায়ী হয়। ঈদের সময় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁদের অধিকাংশই উত্তম নগরের বাইরের বাসিন্দা ছিলেন।
রাজনৈতিক নেতাদের বক্তব্যও প্রতিবেদনে
এপিসিআরের প্রতিবেদনে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পর্যায়ের ১১টি বিদ্বেষমূলক বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। তালিকায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির বক্তব্য রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মার্চ মাসের বক্তব্যও পর্যালোচনা করা হয়েছে। ১৪ মার্চ কলকাতায় দেওয়া এক বক্তব্যে মোদি বাংলার জনসংখ্যার বিন্যাস পরিবর্তনে ‘অনুপ্রবেশকারীদের’ ভূমিকার কথা বলেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও হিন্দু রক্ষা দলের নেতাদের পক্ষ থেকেও ২৫টি বক্তব্য নথিভুক্ত করেছে এপিসিআর। সংগঠনটির হিসাবে, প্রায় ৫০টি বক্তব্য ও ভিডিওর ক্ষেত্রে ১২ জন ব্যক্তি বারবার সামনে এসেছেন। তাঁদের মধ্যে সাতজন সরকারি পদে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে ভিডিও
বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেছে এপিসিআর। বিশ্লেষণ করা ১১০টি ভিডিওর মধ্যে ৭৯টি ইনস্টাগ্রামে, ২৫টি এক্সে, পাঁচটি ফেসবুকে এবং একটি ইউটিউবে পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু সংবাদমাধ্যম উত্তম নগরের ঘটনা নিরপেক্ষভাবে তুলে ধরার পরিবর্তে মুসলিমবিরোধী উত্তেজনা বাড়াতে পারে—এমন প্রচারণা চালিয়েছে। এ ক্ষেত্রে সুদর্শন নিউজ, অপইন্ডিয়া ও রিপাবলিক ভারতসহ কয়েকটি সংবাদমাধ্যমের নাম উল্লেখ করা হয়েছে। এপিসিআরের অভিযোগ, এসব প্রতিবেদনে একপক্ষের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং উসকানিমূলক প্রশ্ন ও উপস্থাপনার মাধ্যমে উত্তেজনা ছড়ানো হয়েছে।
আইন প্রয়োগ ও জবাবদিহি নিয়ে প্রশ্ন
এপিসিআরের দাবি, উত্তম নগরের বিদ্বেষমূলক বক্তব্য ও উসকানির ঘটনায় দিল্লি পুলিশ কোনো এফআইআর দায়ের করেনি। সংগঠনটি ১৫ মার্চ পুলিশ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের সুপ্রিম কোর্ট ২০২২ সালে বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় অভিযোগের অপেক্ষা না করে পুলিশের স্বতঃপ্রণোদিতভাবে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এপিসিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে এ ধরনের বক্তব্যের ঘটনায় মাত্র ছয়টি এফআইআর হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় বিদ্বেষমূলক গ্রাফিতি আঁকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল; তবে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় কোনো বক্তাকে গ্রেপ্তারের তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
অন্যদিকে, একই নয় মাসে মুসলিম ও খ্রিষ্টানদের বিরুদ্ধে ৩২২টি বিদ্বেষমূলক অপরাধের ঘটনা নথিভুক্ত করেছে এপিসিআর। এসব ঘটনায় ৫৪ জন নিহত হয়েছেন। সংগঠনটির হিসাবে, ১১৯টি ঘটনায় রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এপিসিআর বলেছে, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে জবাবদিহি প্রতিষ্ঠা, আদালতের নির্দেশনা কার্যকর করা এবং বিদ্বেষমূলক বক্তব্য ও সহিংসতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।
তথ্যসূত্র: অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটসের (এপিসিআর) ‘হেট স্পিচ ট্র্যাকার’ ও ‘হেট ক্রাইম ট্র্যাকার’ প্রতিবেদন; মাকতুব মিডিয়া; দ্য টেলিগ্রাফ।



