জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা। তাঁদের দাবি, দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী হাসিনা। এদিকে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনে আপত্তি জানিয়েছে সরকার। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় ব্যবস্থা নেওয়ার কথা বলছে ঢাকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পক্ষে চলতি সপ্তাহে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছে। সোমবার (৯ নভেম্বর) পাঠানো চিঠিতে দ্রুত এসব নথি দেওয়ার অনুরোধ জানানো হয়। চিঠিটি গার্ডিয়ানের হাতে এসেছে।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা সংবাদমাধ্যমটিকে বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান বলেই পাসপোর্টের আবেদন করেছেন। পাসপোর্ট না পেলে দেশে ফেরার বিকল্প হিসেবে ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারেন বলেও জানান তিনি।
পাসপোর্ট নিয়ে সরকারের অবস্থান
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কঠোর আপত্তি জানিয়েছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আবেদনটিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে সাধারণ পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আবেদনটির সত্যতা, আইনগত ভিত্তি ও প্রক্রিয়াগত বৈধতা যাচাইয়ের কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করছে। বাংলাদেশ ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলে ভারতকে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে।
পাসপোর্ট পাওয়ার আইনি সুযোগ নেই: প্রধান কৌঁসুলি
শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তাঁর নতুন পাসপোর্ট পাওয়ার আইনি সুযোগ নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পেরিয়ে গেছে। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে ঘোষিত দণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান তিনি।
আমিনুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চাইলে ভারতের সরকারের কাছে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে পাঠানোর আবেদন করতে পারেন।
দেশে ফেরার প্রস্তুতির দাবি আওয়ামী লীগ নেতাদের
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার বরাতে বলা হয়েছে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রস্তুতি হিসেবে দলের কয়েকজন নেতা ইতোমধ্যে বাংলাদেশে ফিরেছেন। নির্বাসনে থাকা আরও কয়েকজন নেতা তাঁর সঙ্গে দেশে ফিরে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন।
দলের এক জ্যেষ্ঠ নেতা গার্ডিয়ানকে বলেন, দেশে ফিরলে তাঁদের অনেককে কারাগারে যেতে হতে পারে—এ ঝুঁকি জেনেও তাঁরা নিজেদের মানুষের কাছে ফিরতে চান এবং রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।
এর আগে গত সেপ্টেম্বরে দেশে ফেরার পর গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় তাঁর বিরুদ্ধে বিচার চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা কলকাতায় নিয়মিত বৈঠক করছেন। তাঁদের কয়েকজনকে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লিতেও ডাকা হয় বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।
দেশে ফিরতে চান হাসিনা, চলছে রাজনৈতিক বিতর্ক
শেখ হাসিনা সম্প্রতি বার্তা সংস্থা এপিকে ই-মেইলে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘মৃত্যু যদি আমার নিয়তি হয়, তাহলে আমি নিজের দেশ ও মানুষের মধ্যে মরতে চাই।’
অন্যদিকে তাঁর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, এ ধরনের বক্তব্যের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁর মতে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা ছাড়া তাঁর ফিরে আসার প্রচার রাজনৈতিকভাবে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে করা হচ্ছে।
প্রত্যর্পণ নিয়ে ঢাকা-দিল্লি টানাপোড়েন
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৪ সালের আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাবে, ওই দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
রায়ের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ। তবে ভারত এখনো এ বিষয়ে বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
সব মিলিয়ে শেখ হাসিনার ডিসেম্বরের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা তৈরি হলেও তাঁর দেশে ফেরা নির্ভর করছে পাসপোর্ট ও ভ্রমণ নথির আইনি বিষয়, ভারত সরকারের অবস্থান এবং প্রত্যর্পণ প্রক্রিয়ার ওপর।



