খুলনা মহানগরীর কোথাও প্রকাশ্যে বর্জ্য রাখা হবে না বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সোমবার (৯ নভেম্বর) নগরীর কেডিএ অ্যাভিনিউয়ের তেঁতুলতলা মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পূবালী ব্যাংক পিএলসি-এর খুলনা আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে ব্যাংকটির ইসলামী ব্যাংকিং শাখা এ কর্মসূচির আয়োজন করে। প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। প্রশাসক ফিতা কেটে এবং একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

নগরীর কোথাও প্রকাশ্যে বর্জ্য না রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ইতোমধ্যে নিরালা এলাকার উন্মুক্ত ডাম্পিং স্টেশন সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে পিটিআই মোড় ও নতুন বাজারের উন্মুক্ত ডাম্পিং স্টেশন আধুনিকায়নের কাজ চলছে, যাতে সেখান থেকে দুর্গন্ধ না ছড়ায় এবং পরিবেশ দূষণ না হয়।
তিনি আরও বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা স্থানগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কের মিড আইল্যান্ড, সড়ক মার্কিং এবং দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগও বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
কেসিসির এসব উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতার জন্য এগিয়ে আসায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রশাসক। নগরীর বর্তমান মনোরম পরিবেশ বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, পূবালী ব্যাংক পিএলসি খুলনা আঞ্চলিক কার্যালয়ের আরআরএম ও সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ ওয়াহেদুজ্জামান, ইসলামী ব্যাংকিং শাখার এজিএম মো. তানভীর আহমেদ, অপারেশন ম্যানেজার মো. সেলিম শেখ, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রেস বিজ্ঞপ্তি, খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।



