শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া: লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ কর্মী
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া: লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ কর্মী

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৮, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সরকারি উদ্যোগে প্রাথমিক বাছাই সম্পন্ন হয়েছে। দেশটির প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের জন্য ইলেকট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচিত করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

রোববার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এ লটারি অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে জমা পড়া মোট ৪ হাজার ২৯টি আবেদনের মধ্য থেকে ইলেকট্রনিক লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

বোয়েসেল সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন।

নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এরপর নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মী সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন।

স্বচ্ছ লটারির মাধ্যমে প্রাথমিক বাছাই

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রথমবারের মতো এ ধরনের স্বচ্ছ লটারি পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

বোয়েসেল জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। সেখান থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে। এ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিসেম্বর থেকে ফ্লাইট শুরুর পরিকল্পনা

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য রয়েছে। মালয়েশিয়ায় শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ উদ্যোগ সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে।

তিনি বলেন, ‘জিরো কস্টে’ কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর ফ্লাইট ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে।

আরও ৫৫৮ কর্মী পাঠানোর সুযোগ

এ ছাড়া বোয়েসেল ইতোমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে।

বোয়েসেল জানিয়েছে, এসব ক্ষেত্রেও কর্মীদের মেডিকেল ফি ও বিমানভাড়াসহ সংশ্লিষ্ট ব্যয় নিয়োগকর্তা বহন করবেন। ফলে এসব কর্মীকেও শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।