ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা বাতিলের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা বাতিলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৮, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা লেভেলক্রসিং এলাকায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ এবং আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এতে ওই এলাকায় চার ঘণ্টার বেশি সময় রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত হয়।

সকাল ৭টা থেকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা কোড্ডা লেভেলক্রসিং এলাকায় জড়ো হতে শুরু করেন। নতুন উপজেলা গঠনের প্রস্তাবের বিষয়টি সামনে আসার পর তাঁরা এ কর্মসূচি পালন করেন।

অবরোধের কারণে বিভিন্ন রুটের ট্রেন চলাচল ব্যাহত হয়। সকাল ৮টা থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে সিলেটগামী পারাবত এক্সপ্রেস। একই সময়ে ভৈরব স্টেশনে আটকা পড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। এ ছাড়া চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস, ঢাকাগামী চট্টলা ও উপকূল এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটে। আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পথচারীরাও ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নিচ্ছেন। তাঁদের দাবি, চলতি বছরের মে মাসে সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ-সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় ৪ জুন।

স্থানীয়দের অভিযোগ, নতুন উপজেলা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ সম্পর্কে স্বচ্ছতা রাখা হয়নি। তাঁরা বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনরায় আগের ইউনিয়নের সঙ্গে যুক্ত করে অখণ্ড বাসুদেব ইউনিয়ন বহাল রাখার দাবি জানান। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সঙ্গে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

অবরোধস্থলে বক্তব্য দেন বাসুদেব ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান নেসার উদ্দিন শের শাহ, জেলা আইন ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মামুন পাঠান এবং সদর উপজেলা বিএনপির সদস্য শিপন ভূঁইয়া। বক্তারা বলেন, তাঁরা কোনো আশ্বাস নয়, প্রস্তাবটি স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত চান। একই দাবিতে এর আগে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তাঁরা।

পরিস্থিতি শান্ত করতে বেলা ১১টা ২০ মিনিটের দিকে স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেনের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি তারেকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ঘটনাস্থলে যান। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে দাবি নিষ্পত্তিতে আন্দোলনকারীরা তিন দিনের সময়সীমা বেঁধে দেন।

সিরাজুল ইসলাম জানান, ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে বিষয়টি নিয়ে আলোচনায় বসবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।

অবরোধ তুলে নেওয়ার পর বেলা ১১টা ৫৪ মিনিটে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে ওই এলাকায় রেল চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

উল্লেখ্য, গত ৪ জুন বরিশল ইউনিয়ন গঠনের গেজেট প্রকাশের পর থেকেই স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ জানিয়ে আসছেন। নতুন উপজেলা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ সামনে আসায় তাঁদের ক্ষোভ আরও বেড়েছে।