ইয়েমেনে অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহতের দাবি
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহতের দাবি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৬, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে ৪৪০ যোদ্ধাকে হত্যার দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী। ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামের এই অভিযানে হুথিদের সামরিক স্থাপনা, যানবাহন ও ভারী অস্ত্রেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তারা।

সরকারি বাহিনীর তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর রাজধানী সানা ও হুথিদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য এলাকা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে অভিযানটি শুরু হয়। অভিযানে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০টি হামলা চালানো হয়েছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা সাবার বরাতে জানা গেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি অভিযানের অগ্রগতি তুলে ধরেছেন। তাঁর দাবি, এসব হামলায় হুথিদের ৪৪০ যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া গোষ্ঠীটির ১৩২টি সামরিক যান, বিভিন্ন সাঁজোয়া ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস অথবা অকেজো করা হয়েছে।

অভিযান শুরুর এক মাস পেরিয়ে গেলেও সংঘাত অব্যাহত রয়েছে। দুই পক্ষই পরস্পরের অবস্থানে হামলা চালিয়ে যাচ্ছে। সরকারি বাহিনী হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারে সামরিক চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছে।

তবে অভিযানে হতাহতের সংখ্যা ও সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে হুথি পক্ষের বক্তব্য কিংবা স্বাধীন কোনো সূত্রের মাধ্যমে এসব দাবি নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।