ডিজে পার্টি ও মাদক কাণ্ডে অতিরিক্ত ডিআইজি বরখাস্ত | জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

ডিজে পার্টি ও মাদক কাণ্ড: অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

জনবার্তা ডেস্ক

রাজধানীর ভাটারায় নিজ বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তাঁকে রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গত ২৫ অক্টোবর থেকে তাঁর সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত ও অদক্ষতামূলক, যা বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থি। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে পুলিশ বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।

যেভাবে অভিযান চালানো হয়

এর আগে গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর শাখা ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালায়।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় সেখানে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। এ সময় ইয়াবা, মদ, গাঁজা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।

অভিযানকালে ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করার খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।

এ ঘটনায় বিভাগীয় শৃঙ্খলা ও পুলিশের ভাবমূর্তি বিবেচনায় আব্দুল্লাহ আল জহিরের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।