জনবার্তা ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (আইআইইউসি) সামনে বাসের চাপায় মাইশা মুসফিয়াত (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
নিহত মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ক্লাস শেষে বাড়ি ফেরার জন্য সকালে মহাসড়কের ঢাকামুখী লেনে কয়েকজন শিক্ষার্থী অপেক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী লরি স্থানীয় রুটের ৮ নম্বর বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়।
দুর্ঘটনায় অন্তত তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই ছাত্রীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন এবং পাশের রেললাইন অবরোধ করেন। এতে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে।
এদিকে শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবারের সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে।



