প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, চার কর্মদিবসে তদন্ত প্রতিবেদন
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, চার কর্মদিবসে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩০, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭-এ যান্ত্রিক ত্রুটির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। ব্যবস্থাপক (আইনবিষয়ক) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের আগে উড়োজাহাজটিতে দেখা দেওয়া কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন নির্ধারণ করতে বলা হয়েছে। একই সঙ্গে ত্রুটি শনাক্ত ও মেরামত এবং পরবর্তী সময়ে উড়োজাহাজটির উড্ডয়নযোগ্যতা নিশ্চিত করতে নেওয়া কারিগরি ও পরিচালনাগত পদক্ষেপ পর্যালোচনা করবে কমিটি।

তদন্তের আওতায় থাকছে ফ্লাইট বিলম্বের কারণে অতিরিক্ত পরিচালন ব্যয়, যাত্রীদের ভোগান্তি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব। এ ঘটনায় সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা, সমন্বয়ের ঘাটতি কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

প্রতিবেদনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার কথাও বলা হয়েছে। প্রয়োজনে বিমানের অন্য কর্মকর্তাদেরও কমিটির সঙ্গে যুক্ত করা যাবে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ফ্লাইট বিজি ৩৭৭-এর। উড্ডয়নের আগে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ায় নির্ধারিত সময়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্ব হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীদের সঙ্গে জাপানের স্থানীয় টেকনিশিয়ানরা যৌথভাবে মেরামতের কাজ সম্পন্ন করেন। মেরামত শেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটি পুশব্যাক করা হয়। রাত ৭টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।

এখন তদন্ত কমিটির প্রতিবেদনে উড়োজাহাজটির ত্রুটির কারণ, মেরামত প্রক্রিয়া এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের বিষয়ে কী তথ্য উঠে আসে, সেদিকে নজর রয়েছে।