কেন্দুয়ায় বাবা-ছেলের মৃত্যু
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, মা-মেয়ে সংকটাপন্ন

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩০, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ও ছয় বছর বয়সী মেয়ে এবং অপর মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে নেত্রকোনা-কেন্দুয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া ইউনিয়নের লাহিড়ী বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাহমুদুল হক শাহিন (৪৫)। তিনি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের আনিছুল হকের ছেলে। নিহত শিশুটির নাম রাজিন (৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহিন স্ত্রী তুহিন (২৭), মেয়ে মুমু (৬) ও ছেলে রাজিনকে নিয়ে মোটরসাইকেলে নেত্রকোনা থেকে কেন্দুয়ার দিকে যাচ্ছিলেন। পথে লাহিড়ী বাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে অটোরিকশায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিন ও তাঁর ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তুহিন ও মুমুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপর মোটরসাইকেলের চালক মো. শফিক (২৮) ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর তিনি কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও নাম নিবন্ধন বা চিকিৎসা না নিয়ে সেখান থেকে চলে যান।

কেন্দুয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ছাড়াই আইনি আনুষ্ঠানিকতা শেষে নিহত বাবা ও ছেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।