তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের নির্ধারিত এলাকায় ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রি শুরু হচ্ছে। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত তিন মাস এ কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রি করা হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত স্থানে ট্রাকসেলের মাধ্যমে চাল পাওয়া যাবে। তবে সরকারি চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে।
যেভাবে চাল কিনবেন শ্রমিকেরা
বিশেষ এ কর্মসূচির সুবিধা পেতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টার রোলে স্বাক্ষর দিতে হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত শ্রমিকদের কাছে চাল বিক্রি নিশ্চিত করতে চায় সরকার।
খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি পরিচালিত হবে। অনিয়ম ঠেকাতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দল গঠন করা হয়েছে।
মজুরি বোর্ডে ৩২ হাজার টাকার প্রস্তাব
পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত শ্রমিকদের খাদ্য ব্যয় কিছুটা কমাতে বিশেষ ওএমএস কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চাল কেনার সুযোগ পাবেন তৈরি পোশাকশিল্পের কর্মীরা।



