শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত, জানাল বিবিসি বাংলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে দুটি শর্তের কথা জানিয়েছে ভারত। শর্ত দুটি হলো—তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে দেশে ফিরিয়ে নেওয়া এবং দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করা।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে ভারতে নেওয়া হয়েছিল, একই ধরনের ব্যবস্থায় তাঁকে দেশে ফেরানোর বিষয়ে আগ্রহী ভারত।
প্রতিবেদন অনুযায়ী, এ ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সামরিক বিমান পাঠিয়ে তাঁকে ফিরিয়ে আনা হতে পারে। বিকল্প হিসেবে দুই দেশের সম্মত কোনো স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কাছে তাঁকে হস্তান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ভারতের দ্বিতীয় শর্তটি শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া নিয়ে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলায় নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে চায় দিল্লি।
প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, শেখ হাসিনাকে এমন পরিস্থিতিতে বাংলাদেশের হাতে তুলে দিতে চায় না ভারত, যেখানে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে। বরং নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের সুযোগ দেওয়ার পক্ষে দেশটি।
এ ছাড়া বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারির মধ্যে সম্পন্ন হোক—এমন প্রত্যাশার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সেনাবাহিনীর ভূমিকা চায় দিল্লি
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টিও ভারতের কাছে গুরুত্বপূর্ণ। দেশে ফেরার পর তাঁর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী নেবে—এমন নিশ্চয়তা চায় দিল্লি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল ভারত। তবে সে উদ্যোগ সফল না হওয়ায় তাঁকে বাংলাদেশে ফেরানোর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গত কয়েক মাস ধরে ঢাকা ও দিল্লির মধ্যে এ বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব শর্তের বিষয়ে ভারত সরকার এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অবস্থান
এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান হলো, তাঁকে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে হবে।
সম্প্রতি শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনসংক্রান্ত চিঠি পাঠান। তবে বাংলাদেশ সরকার ওই উদ্যোগ গ্রহণ করেনি। ৯ নভেম্বর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর আইনজীবীদের পাঠানো চিঠিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের অনুরোধ জানানো হয়েছিল।
১০ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার এগোচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দুই দেশের বিদ্যমান চুক্তির আওতায় তাঁকে ফেরত আনার ক্ষেত্রে সরকার আইনি জটিলতা দেখছে না।
অন্যদিকে, ১১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম বলেন, মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই এবং দেশে ফেরার বৈধ পথ হলো ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করা।
ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দিল্লির কথিত শর্ত এবং ঢাকার প্রত্যর্পণ-সংক্রান্ত অবস্থানের মধ্যে সমন্বয় হবে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।



