হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবাহী ট্রাকের পেছনে ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) এবং রিপন মিয়া (২৩)।
জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর এলাকায়। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড়ে। অন্যদিকে রিপন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকার বাসিন্দা।
বিকল ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা অভিমুখী ডাক বিভাগের মাঝারি আকারের কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।
ধাক্কায় কাভার্ডভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।



