দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমার পরিপ্রেক্ষিতে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে বুধবারও প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস।
তেজাবি স্বর্ণের দাম কমায় সমন্বয়
বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
তবে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বছরে ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয়
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৭০ বার কমানো হয়েছে। এ ছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, বিপরীতে কমানো হয়েছিল ২৯ বার।
নতুন এই দর কার্যকর হওয়ার ফলে দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমল।



