সংবাদ বিজ্ঞপ্তি
যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন বর্ডারলেস নিউজ নেটওয়ার্ক এশিয়ার (বিএনএন এশিয়া) সদস্য হয়েছেন রাজশাহীর সাংবাদিক এম.এ. হাবিব জুয়েল। সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত সদস্য যাচাইয়ের তথ্য অনুযায়ী, তাঁর সদস্যপদের ক্যাটাগরি ‘ভলান্টিয়ার’ এবং এর মেয়াদ ১ নভেম্বর ২০২৭ পর্যন্ত।
হাবিব জুয়েল রাজশাহী থেকে প্রকাশিত নিউজ পোর্টাল ‘উত্তরবঙ্গ প্রতিদিন’-এর প্রধান সম্পাদক। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক ‘ঘোষণা’র স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। তাঁর সদস্যপদ নম্বর BNNASIA26054758।
বিএনএন এশিয়ার ওয়েবসাইটের সদস্য যাচাই পাতায় তাঁর নাম, সদস্যপদ নম্বর, দেশ ও মেয়াদের তথ্য পাওয়া গেছে। সদস্যপদ যাচাইয়ের লিংক।
আড়াই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা
হাবিব জুয়েলের সাংবাদিকতা শুরু ১৯৯৯ সালে দৈনিক বার্তার মাধ্যমে। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক সোনার দেশ, দৈনিক উপচার, সাপ্তাহিক রাজশাহীর আলো, দৈনিক গণমুক্তি, দৈনিক খবর, দৈনিক নববার্তা, দৈনিক মুক্ত সকাল ও দৈনিক মাতৃভূমির খবরসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি পেশাগত প্রশিক্ষণেও অংশ নিয়েছেন তিনি। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে অনুসন্ধানী সাংবাদিকতা ও অনলাইন সংবাদ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এ ছাড়া ফরাসি বার্তা সংস্থা এএফপি, থমসন রয়টার্স ফাউন্ডেশন, রিপোর্টার্স উইদাউট বর্ডারস, পয়েন্টার ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও কর্মসূচিতে অংশ নেওয়ার তথ্য তাঁর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিকদের অধিকার ও কল্যাণমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন হাবিব জুয়েল। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ পরিষদের রাজশাহী জেলা শাখার সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য।
এ ছাড়া মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কার্যক্রমে যুক্ত থাকার পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক সাংবাদিক ও লেখক সংগঠনের সদস্য হিসেবেও কাজ করছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএনএন এশিয়ার সদস্যপদ পাওয়াকে নিজের সাংবাদিকতা জীবনের একটি নতুন অর্জন হিসেবে দেখছেন হাবিব জুয়েল। তাঁর এ অর্জনে রাজশাহীর সাংবাদিক মহলের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



