শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ হিসেবে সম্বোধন করায় জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসানকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা জিয়া পরিষদ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন জেলা জিয়া পরিষদের সভাপতি আমিনুল ইসলাম বকুল। বিজ্ঞপ্তিতে সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের স্বাক্ষর রয়েছে।
ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায়। সেখানে বক্তব্য দেওয়ার সময় মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে উল্লেখ করেন। এ সময় উপস্থিত কয়েকজনের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সভাস্থলে হট্টগোল শুরু হয়। পরে তাঁকে বক্তব্য দেওয়া থেকে বিরত করা হয়।
এ ঘটনার আগে সভার ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধনের সময় জেলা প্রশাসক নীরব ছিলেন—এমন অভিযোগ তোলে জেলা ছাত্রদল। এসব বিষয়ে প্রতিবাদ জানিয়ে ওই দিন সন্ধ্যায় জেলা প্রশাসককে প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি।
জেলা জিয়া পরিষদের সভাপতি আমিনুল ইসলাম বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে মারুফ হাসানের বক্তব্যে সংগঠনের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়নে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মারুফ হাসান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও অসুস্থতার কারণে মাঝখানে কিছুটা নিষ্ক্রিয় ছিলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ভুলবশত কিছু শব্দ ব্যবহার করেছেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
ঘটনাটি ঘিরে জয়পুরহাটের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।



