৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৪, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১১টি নতুন এবং দুটি সংশোধিত।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ৭৩ কোটি ৭ লাখ টাকা ব্যয় করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঁচ প্রকল্প

অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় রয়েছে পাঁচটি। এগুলো হলো—

১. ‘বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্প।

২. ‘বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ (প্রথম পর্ব)’ প্রকল্প।

৩. ‘ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প।

৪. ‘সামাজিক অবকাঠামো উন্নয়ন (SIDP)’ প্রকল্প।

৫. ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩ (তৃতীয় সংশোধিত)’।

অন্যান্য মন্ত্রণালয়ের আট প্রকল্প

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো—‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয়’ এবং ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য অপারেশনাল যানবাহন ক্রয়’।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় বি-টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ’ প্রকল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘জিগাতলাস্থ গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘দেশের পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন’, শিক্ষা মন্ত্রণালয়ের ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)’, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ (তিতাস-৩২ ও ৩৩) খনন’ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প (তৃতীয় সংশোধিত)’ অনুমোদন দেওয়া হয়েছে।

৫০ কোটি টাকার কম ব্যয়ের পাঁচ প্রকল্পে অবহিতকরণ

সভায় পরিকল্পনামন্ত্রীর আগে অনুমোদন দেওয়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের পাঁচটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। প্রকল্পগুলো হলো—

১. দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদ্‌রোগ চিকিৎসাসেবার আধুনিকায়ন।

২. দেশের শিশু-কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ।

৩. ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তা প্রকল্প (প্রথম সংশোধিত)।

৪. ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকায়ন (প্রথম সংশোধিত)।

৫. গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।