জনবার্তা ডেস্ক
রাজধানীর মিরপুর-১১ এলাকায় তৈরি পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। অন্যদিকে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন।
সংঘর্ষের কারণে নিরাপত্তার স্বার্থে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে ওই এলাকার যান চলাচল ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও সকাল ১০টার পর কয়েকটি কারখানা থেকে বেরিয়ে তাঁরা সড়কে জড়ো হতে থাকেন। একপর্যায়ে মিরপুর-১১ এলাকার প্রধান সড়কে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছে। শ্রমিকদের আন্দোলনের প্রভাবে সোমবার দেশের পাঁচটি প্রধান শিল্পাঞ্চলের ৬৭৯টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এতে প্রায় ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক কাজ করতে পারেননি।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে জানা গেছে, পাঁচ শিল্পাঞ্চলের মোট ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে সোমবার ১ হাজার ৪৫৫টি চালু ছিল। বাকি ৬৭৯টি কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ থাকে।
কোন শিল্পাঞ্চলে কত কারখানা বন্ধ
বিজিএমইএর তথ্য অনুযায়ী, মিরপুরের ৩২০টি কারখানার মধ্যে ৫৫টিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে যান। এতে প্রায় ৫৩ হাজার ৮৪০ জন শ্রমিক কর্মস্থল ত্যাগ করেন।
গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলের ৮৩৬টি কারখানার মধ্যে ৩৮২টি বন্ধ ছিল। সাভার, আশুলিয়া ও জিরানী এলাকায় ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টিতে উৎপাদন বন্ধ হয়। এসব এলাকায় প্রায় ৭ লাখ ৪৩ হাজার শ্রমিক কাজে যোগ দেননি।
নারায়ণগঞ্জের ১৯৯টি কারখানার মধ্যে ৯টিতে শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বেরিয়ে যান। তবে চট্টগ্রামের ৩৪০টি কারখানায় কোনো শ্রমিক অসন্তোষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শিল্পাঞ্চলগুলোতে এখনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



