গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে মাঠে অবস্থান নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান ও বিএনপির নেতাকর্মীরা। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে লাঠি হাতে মিছিল ও স্লোগান দিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তাঁরা।
উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান নেন। এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে যৌথভাবে কাজ করছেন তাঁরা।
অন্যদিকে, বিভিন্ন পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সকাল থেকেই সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন তাঁরা। এতে এলাকায় শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
শেষ খবর পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান চলছিল।



