ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

ইরানে ৯৬ ঘণ্টায় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: ট্রাম্পের নির্দেশের অপেক্ষায়

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২৬, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার মাত্র ৯৬ ঘণ্টার মধ্যে ইরানের ওপর নজিরবিহীন সামরিক অভিযান চালাতে প্রস্তুতি সম্পন্ন করেছে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনী। পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড যৌথভাবে ইরানের পারমাণবিক কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর একটি তালিকা প্রস্তুত করেছে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরবর্তী সময়েই বড় ধরনের এ সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে দ্রুত সামরিক ব্যবস্থা নিতে ট্রাম্প প্রশাসনকে ক্রমাগত চাপ দিচ্ছেন। তবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মার্কিন সহায়তার প্রয়োজনীয়তা থাকায় নেতানিয়াহু আপাতত নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করতে রাজি হয়েছেন। অন্যদিকে, নির্বাচনের কথা মাথায় রেখে ট্রাম্প নিজেও ইসরাইলকে কিছুটা ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।

এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র বা ইসরাইল কোনো হামলা চালালে ইরান এবং তাদের মিত্র হুথি বিদ্রোহীরা চুপ থাকবে না। তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও কর্মীদের লক্ষ্য করে তাৎক্ষণিক জোরালো পাল্টা আঘাত হানতে পারে। সম্ভাব্য এই নিরাপত্তার ঝুঁকির কারণে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের একাধিক দূতাবাস থেকে নিজেদের কর্মী সরিয়ে নেওয়া শুরু করেছে ওয়াশিংটন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহের জলপথ ‘হরমুজ প্রণালি’ সম্প্রতি পরিদর্শন করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এ সময় তিনি ইরানের বন্দরগুলোতে অবরোধ জোরদার এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখার ওপর গুরুত্বারোপ করেন। তবে কূটনৈতিক কোনো সুরাহা না হলে এবং তেলের বাজার স্থিতিশীল না হলে ওয়াশিংটন শেষ পর্যন্ত চূড়ান্ত সামরিক পথেই এগোবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।