আজ খুলনা-বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী - জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

আজ খুলনা-বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২২, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

সুন্দরবন সংরক্ষণ, মোংলা বন্দরের উন্নয়ন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা পর্যালোচনায় আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা আকাশপথে পরিদর্শন করবেন। পাশাপাশি মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা সভায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পরিদর্শনের পর সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের কথা রয়েছে তাঁর।

সেখান থেকে নৌপথে বাগেরহাটের মোংলায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি ‘বানৌজা মোংলা’য় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে মধ্যাহ্নবিরতির পর বেলা ১টা ৪৫ মিনিটে ঘাঁটির ওয়ার্ডরুমে আয়োজিত পর্যালোচনা সভায় অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টার দিকে মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ৩টার দিকে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টার দিকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৫টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সফরে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, মোংলা বন্দরের বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনায় গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাটের সংশ্লিষ্ট প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।


জনবার্তা / টি আর