চাকরির একঘেয়েমি, মানসিক ক্লান্তি আর ব্যস্ত জীবনের চাপ থেকে মুক্তি পেতে চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ার ২৮ বছর বয়সী এক তরুণী। পরিকল্পনা ছিল, ছয় মাস ধরে একা একা ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে দেখবেন, নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। কিন্তু ভ্রমণের মাত্র দুই সপ্তাহের মাথায় তাঁর মনে হতে শুরু করে, সিদ্ধান্তটি ভুল ছিল কি না। বিদেশের পরিবেশ, মানুষের আচরণ ও জীবনযাপনের সঙ্গে মানিয়ে নিতে না পেরে এখন বাড়ি ফেরার কথা ভাবছেন তিনি। তাঁর এই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে।
রেডিটে নিজের অভিজ্ঞতা জানিয়ে ওই তরুণী বলেন, অর্থ খাতের একটি প্রতিষ্ঠানে পাঁচ বছর কাজ করার পর তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। ভ্রমণের সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা ও কর্মক্ষেত্রে মানসিক অবসাদ তাঁকে এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছিল। তাঁর মনে হয়েছিল, জীবনে বড় কোনো দায়িত্ব আসার আগেই পৃথিবীটা ঘুরে দেখা প্রয়োজন।



